জুড়ীতে দুর্গন্ধের কারণে লেয়ার মুরগির খামার অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত April 2, 2023
জুড়ীতে দুর্গন্ধের কারণে লেয়ার মুরগির খামার অপসারণ দাবিতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের একটি লেয়ার পোল্ট্রি খামার অপসারণের দাবিতে শনিবার, ১ এপ্রিল বিকেলে মানববন্ধন করা হয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিকান্দার আলী, হারিস মিয়া, মাছুম মিয়া, স্বপন মিয়া, নাসির মিয়া, শফিক মিয়া, কামাল আহমেদ, তৈয়ব আলী, ফরিদা বেগম, পারভিন বেগম, রেহেনা বেগম, রোকসানা আক্তার, রোজিনা আক্তার, ঝর্না আক্তার,
স্কুলছাত্র রনি মিয়া, কাউছার মিয়া, সিয়াম আহমদ, রাকিব হাসান প্রমুখ।
এলাকাবাসী অভিযোগ করেন, পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে আবুল কাশেম নীরব পোল্ট্রি নামে একটি লেয়ার মুরগির খামার স্থাপন করে বেশ কয়েক বছর যাবত পরিচালনা করছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র না নিয়ে ও খামারের মুরগির বর্জ্যের নিষ্কাশনের ব্যবস্থা না করে খামার চালানোয় মুরগির বর্জ্যের দুর্গন্ধে এলাকার মানুষের মধ্যে নানা ধরনের রোগ বালাই দেখা দিয়েছে ৷
এলাকাবাসীর পক্ষ থেকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আবুল কাশেমকে বারবার অনুরোধ করলে তিনি বেশি বাড়াবাড়ি করলে মুরগির খামারে আগুন লাগিয়ে এলাকার লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ রয়েছে ৷
গত ২১ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে খামারটি বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো মাঈদুল ইসলাম বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরিবেশ আইন অমান্য করে ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ার খামার স্থাপন করায় তার বিরুদ্ধে জরিমানা আদায় সহ খামারটি বন্ধের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।