নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় হত্যামামলার প্রধান আসামিসহ হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খলাছড়া (চন্দ্রশ্রীকোন) গ্রামের মনোহর আলীর ছেলে আতাবুর রহমান পক্ষ ও একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক পক্ষের মধ্যে বসতভিটা সংলগ্ন রাস্তার দখল নিয়ে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে।
এই সংঘর্ষে আহত সোহেল আহমদ বুধবার, ২৯ মার্চ রাতে সিলেটের কমিউনিটি বেইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরবর্তী সময়ে মনোহর আলীর ছেলে আতাবুর রহমান বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়।
জকিগঞ্জ থানা পুলিশ ঘটনায় জড়িত আসামিদের অনুসন্ধানপূর্বক গ্রেফতার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিক (৫৫) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২২) গ্রেফতার করে।