আজমিরীগঞ্জে এলজিইডি কর্মচারীকে মারপিট উপজেলা ভাইস চেয়ারম্যানের

প্রকাশিত March 24, 2023
আজমিরীগঞ্জে এলজিইডি কর্মচারীকে মারপিট উপজেলা ভাইস চেয়ারম্যানের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে এক সরকারি কর্মচারীকে মারপিটের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের-এলজিইডি উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন এই কার্যালয়ের কর্মচারী মোশারফ হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মমিনুর রহমান সজিব দুপুরে কার্যালয়ের ভেতরে গিয়ে কর্মকর্তাদের গালাগাল করেন। এ নিয়ে বাকবিতণ্ডার পর এলজিইডির কর্মচারী মোশারফ হোসেনকে তিনি মারপিট করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, ‘আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তার কাজটি তাজ উদ্দিন নামের একজন ঠিকাদার পেয়েছেন; কিন্তু কাজটি উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব তার কাছ থেকে নিয়ে নিজে করছেন। এখন তিনি কাজটির সম্পূর্ণ বিল নিয়ে নিতে চান; কিন্তু আমরা যেটুকু কাজ হয়েছে শুধু সেটুকুই বিল দিতে চেয়েছি। এ জন্য ক্ষিপ্ত হয়ে তিনি মোশারফ হোসেনকে মারপিট করেন। আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, বিশৃঙ্খলার শব্দ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। তারা তাৎক্ষণিক শান্ত হন। পরবর্তী সময়ে কোন পক্ষ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগটি অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব। তিনি বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে তার খুবই ভাল সম্পর্ক রয়েছে।