জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরী এলাকায় দলদলি চা বাগানে শুক্রবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এর সহআয়োজক ছিল রোটারি ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও সিলেটের রোটারি ই-ক্লাব অব ৩২৮২। মেডিক্যাল ক্যাম্পে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা পাঁচ শতাধিক চা শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এর আগে সকালে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে এক অনুষ্ঠানে মূল বক্তব্যে জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল সামনের দিনগুলোতে সিলেটের চা বাগানগুলোতে চা শ্রমিক ভাই-বোনদের কল্যাণে এ রকম আরও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারিয়ান পর্না সাহা পিএইচএফ ও রোটারি ই ক্লাব অব ৩২৮২-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বাহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ফয়জুল বারী ও রোটারিয়ান ডা আব্দুল মুইদ। সংবাদ বিজ্ঞপ্তি