ইয়ামাহা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ-এমপিএল ক্রিকেটের সিজন-১১ চ্যাম্পিয়ন হয়েছে সিএসই থান্ডার্স দল।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিবিএ ফ্যালকনস দলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
এমইউ স্পোর্টস ক্লাব আয়োজিত এই ক্রিকেট আসরের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নামে বিবিএ ফ্যালকনস। নির্ধারিত ১২ ওভারে ১৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। জয়ের লক্ষ্য ছুঁতে শেষ ওভার অবধি খেলতে হয় সিএসই থান্ডার্সকে। ৪ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের সুলতান মাহমুদ রাহী।
এমপিএলের এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন ইমরান সায়েব। আসরে ১৯০ রানের পাশাপাশি ৬ উইকেট শিকার করেন তিনি। ২১০ রান সংগ্রহ করে আসরের সেরা ব্যাটার নির্বাচিত হন আজহারুল ইসলাম প্লাবন। সেরা বোলার হয়েছেন সেবক পাল। তার শিকার ১৩ উইকেট।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর ড মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ। সংবাদ বিজ্ঞপ্তি