আজমিরীগঞ্জে ফসল উৎপাদনে বাধার অভিযোগ ভাইস চেয়ারম্যানের

প্রকাশিত March 1, 2023
আজমিরীগঞ্জে ফসল উৎপাদনে বাধার অভিযোগ ভাইস চেয়ারম্যানের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মমিনুর রহমান সজীব অভিযোগ করেছেন তার ইজারা নেওয়া জমিতে ফসলাদি উৎপাদনে বাধা দেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মমিনুর রহমান সজীব বলেন, আজমিরীগঞ্জ পৌর এলাকায় শানবাড়ী মৌজার ১ নম্বর খতিয়ানের ৫৪৮ নম্বর দাগের জমির মালিক জেলা পরিষদ, যার বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে ইজারা দেওয়া হয়। তিনিও ২০১৫ সালে একটি অংশ ইজারা নিয়ে সেখানে আম, পেয়ারা ও পেঁপে সহ বিভিন্ন ফলের বাগান করে এক ইঞ্চি জমিও পরিত্যক্ত না থাকার ব্যাপার প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিফলন ঘটিয়েছে। এই জমিতে ঘাস আবাদ করে গরু পালনসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজের মাধ্যমে কর্মসংস্থানও সৃষ্টি করেছেন; কিন্ত মাস ৬ আগে আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফসলাদি উৎপাদনে তাকে বাধা দেন। শুধু তাই নয়, এই জমির মালিক জেলা প্রশাসন বলেও দাবি করেন। এছাড়া তার উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। তিনি তার ইজারার কাগজপত্র দেখিয়েও কোন ফল পাননি। তাই বাধ্য হয়ে সহকারী জজ আজমিরীগঞ্জ আদালতে স্বত্ব মামলা দায়ের করেছেন।