জুড়ী প্রতিনিধি : ‘স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন. উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগ শনিবার এই মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপি ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় হরিরামপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত প্রাণীসম্পদ প্রদর্শনী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রমাপদ দে, ভেটেরিনারি সার্জন ডা মৃদুল কান্তি দে, উদ্যোক্তা হাবিবুর রহমান হাবিব, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংবাদিক হারিস মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে; কিন্তু দুধ উৎপাদনে এখনও পিছিয়ে। তাই যেসব এলাকায় দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই সেখানে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে।
প্রদর্শনীতে প্রাণীসম্পদ নিয়ে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।