সরকারকে পদত্যাগে বাধ্য করতে বিএনপির পদযাত্রা সফলের বিকল্প নেই

প্রকাশিত February 24, 2023
সরকারকে পদত্যাগে বাধ্য করতে বিএনপির পদযাত্রা সফলের বিকল্প নেই

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকারের সময় ফুরিয়ে আসছে। বিএনপির গণআন্দোলনে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আওয়ামী সরকার ভীত সন্ত্রস্ত। এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। ‌‌’ফ্যাসিস্ট’ সরকারকে পদত্যাগে বাধ্য করতে সিলেট জেলা বিএনপি আয়োজিত শনিবারের পদযাত্রা কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। এর কোন বিকল্প নেই।
গ্যাস, বিদ্যুৎ, চাল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ‌’ফ্যাসিস্ট’ সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত শনিবারের পদযাত্রা কর্মসূচি সফলের লক্ষ্যে শুক্রবার রাতে গোলাপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোঘারকুল এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুদ মাহমুদ মিলু। সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাসান এমাদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক কাউন্সিলর জামিল চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ বাদল, পৌর যুবদলের যুগ্মআহবায়ক নূরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, যুগ্মআহবায়ক সুহেদ আহমদ, ওয়ার্ড জ্যেষ্ঠ সহসভাপতি বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা আত্তর আলী, আপ্তাব আলী, খলিল মিয়া, ফারুক মিয়া, বুদুর আলী, ছমির আলী, বাবুল আহমদ, সেলিম আহমদ ও ছাত্রদল নেতা মাহমুদ আলী। সংবাদ বিজ্ঞপ্তি