মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের ক্রিকেটেও নেতৃত্ব দেবে : উপাচার্য

প্রকাশিত February 23, 2023
মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের ক্রিকেটেও নেতৃত্ব দেবে : উপাচার্য

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি লেখাপড়ার পাশাপাশি দেশের ক্রিকেটেও নেতৃত্ব দেবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। আরও খেলোয়াড় সেখানে আগামীতে স্থান পাবে এ লক্ষ্যে কাজ চলছে। অচিরেই জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়কসহ আরও তিন ক্রিকেটার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন।
তিনি জানান, তার জানা মতে, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এক অনন্য নজির স্থাপন করলো, যেখানে এতো ক্রিকেটার জাতীয় দলে খেলছেন।
এ জন্য উপাচার্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বুধবার সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ ২০২৩-এমপিএল সিজন ইলিভেন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এমপিএল উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (স্পোর্টস), বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক ফিল্ডিং কোচ রাজিন সালেহ আলম।
রেজিস্ট্রার ও এমইউ স্পোর্টস ক্লাবের অ্যাডভাইজার তারেক ইসলামের সভাপতিত্বে ও সিএসই বিভাগের শিক্ষার্থী ফাতিমা খানের সঞ্চালনায় উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো মাসুদ রানা, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী অহিদুজ্জামান, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ আহমদ চৌধুরী, পরিচালক (অর্থ) মো ইনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি ফাহিম চৌধুরী, সহসভাপতি মারুফ আহমেদ নাহিদ ও সামসুল ইসলাম জাকারিয়া ও সাধারণ সম্পাদক এনায়েত আলী হাবিব।
বিশেষ অতিথির বক্তব্যে রাজিন সালেহ আলম বলেন, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটি বিশেষ পরিচিত নাম। একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ক্রিকেটের উন্নয়ন ও অংশগ্রহণে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অনেক এগিয়ে রয়েছে।
সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার ও এমইউ স্পোর্টস ক্লাবের অ্যাডভাইজার তারেক ইসলাম এমইউ স্পোর্টস ক্লাবকে বরাবরই নিয়মশৃঙ্খলার এক মূর্ত প্রতীক বলে উল্লেখ করেন।
সাত দিনব্যাপী এই আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করছে । সংবাদ বিজ্ঞপ্তি