সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

প্রকাশিত February 12, 2023
সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ ও কলেজ রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর আবুল আনাম মো রিয়াজ বলেছেন, দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন নবাগত রোভার সহচর স্কাউট জীবনে প্রবেশ করে। আর এ কারণেই দীক্ষা অনুষ্ঠান স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে।
সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দু’দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শনিবার ও রবিবার সফলভাবে সম্পন্ন হয়।
সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ রোভার স্কাউট লিডার মো ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক বিলকিস ইয়াছমিন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাবেক আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) এমদাদুল হক সিদ্দিকী, সিলেট জেলা সম্পাদক মো হিফজুর রহমান খান ও সিলেট জেলা রোভার স্কাউটসের যুগ্মসম্পাদক তোফায়েল আহমদ তুহিন।
এছাড়াও রোভার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মুক্ত দল থেকে আগত আরএসএল, ইউনিট লিডার, এসআরএম, রোভার ও সহচর রোভারদের অভিভাবক সহ সর্বস্তরের স্কাউট শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
গার্ল-ইন-সিনিয়র রোভার মেট ফাহমিদা ইয়ামিন তানজিনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সুলতান আহমদ সৌরভ।
প্রথমদিন স্কাউটিং কায়দায় অগ্নিপ্রজ্জ্বলন, ক্যাম্প ফায়ার উদযাপন এবং সহচরবৃন্দ তাদের দলীয় পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।
দ্বিতীয়দিন সকাল ১০টায় ১২ জন সহচরকে দীক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্ব স্কাউটসের সদস্য হিসেবে ব্যাজ এবং স্কার্ফ পরিয়ে বরণ করেন সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরএসএল মো ফরিদ মিয়া।
দীক্ষা প্রদানের পরে সমাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট পতাকা নামিয়ে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ সমাপ্ত ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি