সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন. তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজের শারীরিক বিকাশ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা সম্ভব। এতে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।
বুধবার রাতে মহানগরীর দক্ষিণ সুরমায় চণ্ডিপুলে কিক অফ ইনডোর স্টেডিয়ামে সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত আন্তঃমহানগর ফুটসাল টুনার্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ কাজী জাফর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খান। বিশেষ অতিথি ছিলেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী।
এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অহিদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ডাক্তার আব্দুল্লাহ সুফিয়ান।
ফাইনাল খেলায় মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন ও ৩০ নম্বর ওয়ার্ড দল রানার্সআপ হয়। পুরো খেলা পরিচালনা করেন সিলেট বিভাগের জ্যেষ্ঠ রেফারি কামরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি