প্রতিবছরের ন্যায় এবারও রবিবার, ১৫ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র) ১৫তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ঈসালে সওয়াব মাহফিলের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত বালাই হাওর। সুষ্ঠুভাবে খাবার পরিবেশনের জন্য তৈরি করা হয়েছে সুপরিসর খাবার প্যান্ডেল। জকিগঞ্জ-আটগ্রাম সড়কে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ দিকে গাড়ি পার্কিংয়ের জন্য বৃহৎ পরিসরে দশটি মাঠও প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজার থেকে ছাহেববাড়ি অভিমুখী রাস্তার মুখে থাকছে মোটর সাইকেল রাখার সুব্যবস্থা। সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হাজারো স্বেচ্ছাসেবক। প্রশিক্ষণ এবং দায়িত্ব বণ্টনও সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবকদের। প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ইতোমধ্যে মাহফিলস্থল পরিদর্শন করেছেন।
সকাল ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে ঈসালে সওয়াব মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র) সুযোগ্য উত্তরসূরী হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন।
সকল কর্মসূচি সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি