সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ।
আলোচনা সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রদর্শক মো আরজ আলী, সহকারী শিক্ষক অসীম কুমার সিংহ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া।
অনুষ্ঠানে সমাপনী ভাষণের শুরুতেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসঙ্গে অকৃত্রিম সম্মান প্রদর্শন করেন মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১০ জানুয়ারি বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বাংলার সকল শ্রেণির মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মহান আর্দশকে প্রতিটি বাঙালির জীবনে প্রতিফলিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে।