নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ রাজবন্দিদের অবিলম্বে মুক্তি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি সহ ১০ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শফিক বলেন, ‘আমরা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই। কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার পরিবর্তন চাই। অনির্বাচিত সরকারের অপসারণ ও উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান চাই। সংসদের উচ্চ কক্ষ গঠন, ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা ও প্রাদেশিক সরকার গঠন সহ সংবিধান সংশোধন করে সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের উপস্থাপনায় অবস্থান কর্মসূচি চলাকালে আরও বক্তব্য রাখেন জেএসডির জেলা যুগ্মআহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, অন্যতম নেতা রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, শ্রমিক নেতা রফিক মিয়া, ইমরান আহমদ, সাবেক ছাত্রদল নেতা সুমন বাহাদুর, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সুমন আহমদ, জেএসডির জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান কানু মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি