শাল্লায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জগদীশ সরকারের পরলোকগমন

প্রকাশিত January 9, 2023
শাল্লায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জগদীশ সরকারের পরলোকগমন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার আর নেই।
সোমবার সকাল ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলার বাহাড়া ইউনিয়নের সুখলাইন গ্রামের জগত চন্দ্র সরকারের ছেলে জগদীশ সরকার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সকাল সাড়ে ৭টায় উপজেলার কেন্দ্রীয় শহিদমিনার চত্বরে শাল্লা থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাষ্ট্রীয় সম্মান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও অমিতা রাণী দাশ এবং শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম। পরে সুখলাইন গ্রামের মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকারের মৃত্যুতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব, সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই বীর মুক্তিযোদ্ধা ৫ বছর সামাজিক সংগঠন হাওর বাঁচাও আন্দেলন শাল্লা উপজেলা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন।