বাংলাদেশে আশির দশকে সাদকালো সিনেমার পাশাপাশি জায়গা করে নেয় রঙিন সিনেমা। এরপর থেকে ধীরে ধীরে সাদাকালো সিনেমার দিন ফুরাতে শুরু করে। একসময় রঙিন দুনিয়া রঙিন সিনেমার দখলে চলে যায়।
তবে সেই সাদাকালোর যুগকে ভুলে যাননি কেউ কেউ। তাই অনেকটা ঝুঁকি নিয়েই এবার সাদাকালো সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। না, প্রযোজকের ভূমিকায় নয়-পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার ‘সব্যসাচী’ নামের সিনেমা পরিচালনার মধ্য দিয়ে।
বাংলা টকিজের ব্যানারে ‘সব্যসাচী’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। শুক্রবার নায়িকা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নিঝুম রুবিনা জানান, সিনেমাটির গল্প অত্যন্ত শৈল্পিক। চরিত্রটি অশরীরি জীবন্ত। তাই অভিনয় অত্যন্ত কঠিন মনে হলেও কাজটা করছি। কারণ চ্যালেঞ্জিং চরিত্র দিয়েই দর্শক হৃদয়ে স্থান করে নিতে চাই।
‘সব্যসাচী’ সিনেমার চিত্রনাট্যকার মনজুরুল ইসলাম মেঘ জানান, ‘ধীমন দাদা ৭/৮ মাস আগে আমার কাছে একটি চিত্রনাট্য চাইলেন। এটাও বললেন যে, তিনি সিনেমাটি সাদাকালোয় নির্মাণ করবেন। উদ্যোগটি আমার ভালো লেগেছে। আমরা দর্শক হিসেবে প্রথমেতো সাদাকালো সিনেমার সঙ্গেই পরিচিত হয়েছিলাম। তাই দর্শককে পঞ্চাশের দশকে ফিরিয়ে নিয়ে যেতেই আমি সব্যসাচী সিনেমার গল্প ও চিত্রনাট্য সাজিয়েছি। আশা করছি, রঙিন পর্দায় দর্শক সাদাকালো সিনেমা দেখে হতাশ হবেন না।’
‘সব্যসাচী’ সিনেমার পরিচালক ধীমন বড়ুয়া জানান, খুব শীঘ্রই শুটিং শুরু করবো। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে চুক্তিবদ্ধ করেছি-বাকিদের চুক্তিও দুয়েকদিনের মধ্যে করে ফেলবো।
তিনি বলেন, ‘সব্যসাচী আমার প্রথম সিনেমা। তাই ভালবাসাও একটু বেশি। সাদাকালো সিনেমা দিয়ে দর্শকদেরকে পঞ্চাশের দশকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। গল্প বিষয়ে এখনি বিস্তারিত বলতে চাইনা। খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে সব জানাবো।’ সূত্র সংবাদ বিজ্ঞপ্তি