সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামে সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সৈয়দা হাছিনা খাতুনের পরিবারের সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো আতিকুর রহমান আতিক প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম তার মা সৈয়দা হাছিনা খাতুনের নামে রাখা হয়েছে।
বিদ্যালয়ে আরও ভবন নির্মাণ প্রয়োজনীয়তা দেখা দিলে বিদ্যালয়টি পরিদর্শন করে মরহুমা সৈয়দা হাছিনা খাতুনের মেয়ে ডা শফিকুন্নেছা চৌধুরী (খালেকা) তিনতলা ভবন নির্মাণের জন্য নগদ ২ লাখ টাকা ও ছাত্রীদের জন্য পৃথক শৌচাগারের জন্যে প্রয়োজনীয় অর্থ প্রদানের ঘোষণা দেন।
তার স্বামী ডা সাদউজ্জামান ২ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন। সৈয়দা হাছিনা খাতুনের ছেলে জুবেদুর রহমান (জুবের) নগদ ১ লাখ টাকা ও তার স্ত্রী তাহমিনা রহমান ছাত্রীদের নামাজের স্থান তৈরি করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা দেন। সৈয়দা হাছিনা খাতুনের মেয়ে শারীকুন্নেছাও ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সৈয়দা হাসিনা খাতুনের নাতি তানিব রহমান ও জুমনা জান্নাত রহমান জানান, বিদ্যালয়টিকে এলাকাবাসীর সহযোগিতায় আদর্শ বিদ্যালয়ে পরিণত করার আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ভূঁইয়া, সহকারী শিক্ষক রাহাদ উজ্জামান রাহাদ এবং এলাকাবাসী রাশিদ আলী, আব্দুল কাদির, আব্দুল জব্বার, বারিক আলী, দিলাল আহমদ, মখলিছ মিয়া, সুরুজ আলী প্রমুখ।
পরে জাহানপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাওছার মিয়াকে সৈয়দা হাছিনা খাতুনের পরিবারের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি