সিলেটে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সীমান্তিক কলেজ মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তিক কলেজ সিলেটের অধ্যক্ষ মো আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের সাবেক কামন্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা। শুরুতে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপরিচালক মো সালাহ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন বলেন, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জীবন বাজি রেখে এ দেশের মুক্তিকামী সকল মানুষ একসঙ্গে যুদ্ধে নেমেছিলেন। সবার উদ্দেশ্য ছিল একটিই-দেশকে স্বাধীন করতে হবে-সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সকল শিক্ষার্থীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি