এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর পরই হবিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেন।
রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের শেষ বাঁশি বেজে উঠতেই শহরের প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রার ঢল নামে। ফোটানো হয় আতশবাজি ও পটকা। ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখরিত হয়ে উঠে রাতের শহর। প্রত্যন্ত এলাকায় একইভাবে আর্জেন্টিনা সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন।
আর্জেন্টিনার সমর্থক স্কুলছাত্র আবির জানান, ‘আগেই বলেছিলাম এবার বিশ্বকাপ মেসির হাতে যাবে। আর্জেন্টিনাকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে তারা আরও ভালো খেলতে সেই প্রত্যাশা করছি।’
আরেক সমর্থক ইকবাল আহমেদ জানান, খেলার শুরু থেকে পুরো ম্যাচটি বিজয়ে পক্ষে রেখেছে মেসি বাহিনী। এরপরও ফ্রান্সের এমবাপ্পে তার চমৎকার খেলার মাধ্যমে ম্যাচটিতে সমতা আনেন। আসলে পুরো ম্যাচটিতে মেসিদের সঙ্গে এমবাপ্পেরাও বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তবে আর্জেন্টিনা যে বিশ্বের সেরা দল তা প্রতিটি ম্যাচেই প্রমাণিত হয়েছে।
আর্জেন্টিনার সমর্থকরা মনে করেন, প্রিয় দল চ্যাম্পিয়ন হয়েছে মূলত গোলকিপার মার্টিনেজের কৃতিত্বে। তিনি টাইব্রেকারে একটি বল আটকে দিয়ে বিজয়ের পথ নিশ্চিত করেন।