নিজের জন্মভূমি শাল্লায় সম্মাননা পেলেন সঙ্গীত তারকা বিজয় সরকার

প্রকাশিত December 18, 2022
নিজের জন্মভূমি শাল্লায় সম্মাননা পেলেন সঙ্গীত তারকা বিজয় সরকার

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : মহান বিজয় দিবসের সঙ্গীত সন্ধ্যায় নিজের জন্মস্থান সুনামগঞ্জের শাল্লায় নিজের লেখা ও সুর করা গান গেয়ে সবাইকে বিমুগ্ধ করলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী বিজয় সরকার। উপজেলা প্রশাসন এই গুণী সন্তানকে সম্মাননাও প্রদান করলো।
বিজয় সরকার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের খল্লিগ্রামের গ্রামের সন্তান। ইতোমধ্যে হাওরপাড়ের এই কৃতিসন্তান দেশজুড়ে একজন সফল গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
অনুষ্ঠানে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম সম্মাননা ক্রেস্ট বিজয় সরকারের হাতে তুলে দেন।
এ নিয়ে বিজয় সরকার নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, ‘শাল্লা আমার নারিপোঁতা, শাল্লার মাটিতেই আমার জন্ম! আজ মহান বিজয় দিবসের সঙ্গীতানুষ্ঠানে আমার নিজের লেখা, সুর করা গান পরিবেশনের পর, উপজেলা প্রশাসনের কর্ণধার, অত্র উপজেলার সম্মানীত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলার সম্মানীত ওসি মহোদয়, অনুজ প্রতীম সম্মানীত ভাইস চেয়ারম্যন মহোদয়, সম্মানীত মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়া, আমার মত একজন সামান্য মানুষকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন! এই সম্মাননাটুকু ছিল আমার কাছে অসামান্য এবং মহা মূল্যবান!! নিজের জন্মভূমিতে অনেক মূল্যবান উপহার আজ আমি পেয়েছি!! আমি উনাদের কাছে চির কৃতজ্ঞ! সৃষ্টিকর্তা যেন উনাদেরকে এর চেয়ে হাজার গুনে সম্মানীত করেন, এই কামনা !!!’