বরণ্যে ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী বলেছেন, কুরআন শেখা ও কুরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোন কাজ দুনিয়াতে নেই। মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন শুধু মুসলমানদের জন্য নয়-গোটা বিশ্ববাসীর জন্য আলোর দিশারী। বিশ্বের কোথাও কোন ধর্মগ্রন্থ মুখস্থ করার নজির নেই। অথচ বিশ্বজুড়ে কোটি কোটি হাফেজ পবিত্র কুরআন মুখস্থ করেছেন। কুরআনকে শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে কুরআন বুঝতে হবে, কুরআনের আলোকে গবেষণা করতে হবে এবং কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তাহলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি বুধবার দুপুরে সিলেট আইডিয়াল মাদরাসার ৬ষ্ঠ হিফজুল কুরআন এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার হিফজ সম্পন্নকারী অর্ধশতাধিক শিক্ষার্থীকে পাগড়ী, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, মানবতার মুক্তিদূত মহানবীর (সা) শাফায়াত পেতে হলে কুরআন শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজে যেমনি কুরআন শিখতে হবে তেমনি অন্যজনকে শেখাতে হবে।
সিলেট আইডিয়াল মাদরাসার ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার শায়খুল হাদীস শায়খ ইসহাক আল মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো আব্দুশ শাকুর, সিলেট আইডিয়াল মাদরাসা পরিচালনাকারী সংস্থা দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাদরাসা কার্যবাস্তবায়ন কমিটির আহবায়ক মো জুবায়ের রকিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড এ এইচ এম সোলায়মান। আলোচনা পেশ করেন সিলেট আইডিয়াল মাদরাসার হিফজুল কুরআনের বিভাগীয় প্রধান হাফিজ ফখরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুন অর রশিদ। অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা সোহেল আহমদ ও মাওলানা লোকমান আহমদ। শিক্ষার্থীদের মধ্য থেকে ইসলামী সংগীত পরিবেশন করে নুসরাত জাহান জেমি ও আল আসমাউল হুসনা। ইংরেজিতে বক্তব্য রাখে ৭ম শ্রেণির শিক্ষার্থী লাবিবুর রহমান। আরবিতে বক্তব্য রাখে ৭ম শ্রেণির শিক্ষার্থী নূরুল কবির রাইয়ান।
হিফজ সম্পন্নকারী হাফেজদের বাবার জন্য জায়নামাজ ও মায়ের জন্য হিজাব উপহার দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি