সাংস্কৃাতিক প্রতিবেদক : এ মাসের চতুর্থ সপ্তাহের প্রথমদিকে সিলেট জেলা পর্যায়ে সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এর আয়োজন করছে।
এ বিষয়ে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তৌছিফ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলী ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সহ জেলা পুলিশ প্রতিনিধি, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা।
সভায় বাংলা একাডেমির নির্ধারিত ফরম অনুযায়ী স্থানীয় লেখকদের তালিকা আগামী ২০ নভেম্বরের মধ্যে সংগ্রহের জন্যে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি