সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে বিভাগীয় গণসমাবেশ সফলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গোয়াইনঘাটের প্রতিটি ইউনিটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জাকারিয়া আহমেদ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, যুগ্মসম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্মআহবায়ক খালেদ আহমদ ও জাহিদ খান।-সংবাদ বিজ্ঞপ্তি