সিলেট মহানগরীর ধোপাদিঘিরপাড়ে আনন্দ টাওয়ারে এসএমসিসিআই সম্মেলন কক্ষে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ-সারেগের উদ্যোগে সোমবার বিভিন্ন মেটারিয়াল কোম্পানির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সারেগ সভাপতি মাওলানা খায়রুল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন। তিনি বলেন, করোনা মহামারি মোকাবেলা করে যখন মানুষ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে ছিল তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অস্থিরতা দেখা দিয়েছে। দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দাবস্থা। মেটেরিয়াল কোম্পানি ও রিয়েল এস্টেট ব্যবসা একে অপরের সঙ্গে সম্পর্কিত। রিয়েল এস্টেট ব্যবসায় বিগত কয়েক বছর থেকে মন্দাবস্থা বিরাজ করছে। মেটেরিয়াল কোম্পানি ও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা এই সংকট থেকে উত্তরণে যথেষ্ট সহযোগিতা করবে।
সভায় সভাপতির বক্তব্যে সারেগ সভাপতি মাওলানা খায়রুল হোসাইন বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে আসেন। এই সময়ের মধ্যে ৩ থেকে ৫ দিনব্যাপী একটি আবাসন মেলার আয়োজন করলে প্রচারণা ব্যাপক হবে এবং প্রবাসীরাও বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারবে।-সংবাদ বিজ্ঞপ্তি