মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে অটোরিকশাচালক ও তার স্বজনরা হামলা চালিয়ে গ্লাস ভাংচুর করেছে।
শনিবার দুপুরে উপজেলার মীরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে একটি দল পিকআপ ভ্যান নিয়ে মীরনগর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা কয়েকটি অটোরিকশা আটক করেন। এক পর্যায়ে মীরনগর গ্রামের অটোচালক ফারুক মিয়ার অটোরিকশা আটক করলে তিনি ক্ষেপে যান। তার স্বজনরাও বাঁশের লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করে পিকআপ ভ্যানের উপর হামলা চালায়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।