সরকার বুঝে গেছে এবার তাদের রেহাই মিলবে না : এমরান চৌধুরী

প্রকাশিত November 5, 2022
সরকার বুঝে গেছে এবার তাদের রেহাই মিলবে না : এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, নিশিরাতের সরকার বুঝে গেছে এবার তাদের আর রেহাই মিলবে না। গুম, খুন, মামলা-হামলা, লুটপাট, টাকা পাচার ও মহাদুর্নীতির কালযাত্রার যবনিকাপাত ঘটতে চলেছে। পতন তাদের অনিবার্য। পতনের সময় ঘনিয়ে এসেছে। জীবনধারণের সব অবলম্বন হারিয়ে সারাদেশের সর্বহারা মানুষ চাল, ডাল, চিড়া, মুড়ি, হাঁড়ি পাতিল, কাপড়, ও পোটলা নিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর দৃঢ় অঙ্গীকার নিতে বিএনপির সমাবেশসমূহে যোগ দিচ্ছে।
তিনি আরও বলেছেন, সিলেটের মানুষও এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছে। বন্দুকের নল, কোনো রক্তচক্ষু বা বাধা বিপত্তি তাদেরকে প্রতিহত করতে পারবে না। ক্ষোভের লেলিহান আগুন জ্বলছে প্রতিটি মানুষের চোখে মুখে, অন্তরে-গহীনে। আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে জনতার বাঁধভাঙ্গা জোয়ার নামবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য রাখছিলেন।
ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আল মাহমুদের সভাপতিত্বে এবং আহাদুর রহমান কামরুল ও জাহাঙ্গীর আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান পাটওয়ারী রিপন, অ্যাডভোকেট সাঈদ আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা ছালেহ আহমদ গেদা, শাহেল আহমদ, আব্দুল কাদির সেলিম, বাছিতুর রহমান বাছিত, নিজামুল কাদির লিপন, জাকির হোসেন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি