সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, শ্রী শ্রী মায়ের আদর্শকে ধারণ করে বীথিকা দত্ত ঐকান্তিকভাবে কাজ করেছেন।
শুক্রবার বিকেলে সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের প্রেমেশানন্দ হলে শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত বীথিকা দত্ত স্মারকগ্রন্থ ‘ধ্রুবতারা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রীমা সারদা সংঘ সিলেটের সভাপতি খুশী রাণী সেনের সভাপতিত্বে এবং বাচিকশিল্পী সীমান্ত দত্ত ও সংগীতশিল্পী সুস্মিতা চৌধুরী শাওনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে ও উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়।
স্মারকগ্রন্থ সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা ও উত্তরা ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি প্রণব কুমার দেবনাথ, শ্রীহট্ট ব্রহ্ম মন্দিরের সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শ্রীমা সারদা সংঘের সেবাব্রতী নমিতা দেব, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সিলেট বিবেকের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শীলা চৌধুরী ও বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ধ্রুবতারা’ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন হেপী দেব শিল্পীর পরিচালনায় শিশু শিল্পীবৃন্দ। প্রয়াত বীথিকা দত্তের জীবনী পাঠ করেন ঢাকা শ্রীমা সারদা সংঘের সদস্য কংকনা দত্ত চৌধুরী। প্রকাশকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক শাশ্বতী ঘোষ সোমা। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক কিরীটী পাল।
গানে গানে শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন সিলেটের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, প্রভাতী সিংহ মজুমদার দেবী, সুবিনয় রায় ও অর্পিতা চৌধুরী ঝুমা। শেষে দলীয় সমাপ্তি সংগীতে অংশ গ্রহণ করেন প্রদীপ দের পরিচালনায় পাত্র সম্প্রদায়ের শিল্পীবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি