এন্ড্রু কিশোরের জন্মদিনে রেজা সেলিমের কন্ঠে ‘এন্ড্রু কিশোর তুমি’

প্রকাশিত October 25, 2022
এন্ড্রু কিশোরের জন্মদিনে রেজা সেলিমের কন্ঠে ‘এন্ড্রু কিশোর তুমি’

আগামী ৪ নভেম্বর প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের জন্মদিন স্মরণে আর এস মিউজিকের ব্যানারে কণ্ঠশিল্পী রেজা সেলিমের কন্ঠে ‘এন্ড্রু কিশোর তুমি’ গানটি মুক্তি পাচ্ছে।
এন্ড্রু কিশোর (৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন এমন এক বাংলাদেশী গায়ক, যিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। আর এজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’ প্রভৃতি।
এন্ড্রু কিশোর ছয় বছর বয়স থেকে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান ‌‘মেইল ট্রেন’ (১৯৭৭) চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই’। ‘বড় ভাল লোক ছিল’ (১৯৮২) চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি ‘সারেন্ডার’ (১৯৮৭), ‘ক্ষতিপূরণ’ (১৯৮৯), ‘পদ্মা মেঘনা যমুনা’ (১৯৯১), ‘কবুল’ (১৯৯৬), ‘আজ গায়ে হলুদ’ (২০০০), ‘সাজঘর’ (২০০৭) ও ‘কি যাদু করিলা’ (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এন্ডু কিশোর ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
জনপ্রিয় এই সংগীতশিল্পী স্মরণে গান ‘এন্ড্রু কিশোর তুমি’ চিত্রায়ণ কাজ শেষে এখন গ্রাফিক্স, এ্যানিমেশন ও সম্পাদনা চলছে। ভিডিওটির নির্মাতা ফয়সাল মাহমুদ। গানটির গীতিকার ও সুরকার মাটির মামিন, সংগীত রাসেল হালিম। মিউজিক ভিডিওটি আর এস মিউজিকের ইউটিউব চ্যানেলসহ একটি স্যাটেলাইট চ্যানেলে মুক্তি পাবে।-সংবাদ বিজ্ঞপ্তি