হবিগঞ্জে জমে উঠেছে পুনাক আয়োজিত মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা

প্রকাশিত October 23, 2022
হবিগঞ্জে জমে উঠেছে পুনাক আয়োজিত মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা

এস এম সুরুজ আলী : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক আয়োজিত হবিগঞ্জ শিল্প ও পণ্যমেলা জমে উঠেছে।
হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী এ মেলায় প্রতিদিন হাজারো দর্শনার্থী ও ক্রেতার সমাগম ঘটছে। প্রতিটি স্টলে চলছে জমজমাট বেচাকেনা। মিনি পার্কে ছোটদের খেলায় মাতিয়ে রেখে বড়রা নিশ্চিন্ত মনে কেনাকাটা করছেন।
রঙিন সাম্পানে বসে দোল খাচ্ছে শিশু-কিশোররা। হা করে দাড়িয়ে থাকা ডাইনোসরের সঙ্গে পাতাচ্ছে মিতালী। চোখেমুখে ভয়ের লেশমাত্র নেই। ঝিকঝিক ট্রেন চলছে। চড়ে সেকি আনন্দ। আর নাগরদোলাতো আছেই। আরও রয়েছে হানি সুইং, দোলনা, ডোরেমন ইত্যাদি।
হবিগঞ্জ শিল্প ও পণ্যমেলার ব্যবস্থাপক বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মঈন খান বাবলু জানান, বড়দের সঙ্গে আসা শিশুদের সময়টা যেন ফূর্তিতে কাটে সে জন্যই মিনি পার্কের ব্যবস্থা রাখা হয়েছে।
বিভিন্ন স্টলের প্রতিনিধিরা জানান, ২২টি নতুন ধরনের খেলনা তারা এনেছেন। এগুলো দিয়ে খেলাধুলা করলে শিশুদের শারীরিক কোনো ক্ষতি হবেনা।
শনিবার মেলা ঘুরে দেখা গেছে, দর্শনার্থী ও ক্রেতাদের প্রচণ্ড ভিড়। শিক্ষক অরুণ কুমার দাশ জানান, হবিগঞ্জে তেমন কোন বিনোদনের ব্যবস্থা নেই। নিউ ফিল্ড মাঠে এই মেলার আয়োজন করায় তারা বাচ্চাদের বিনোদন দিতে পারছেন। এ ধরনের আয়োজন যেন প্রতিবছর করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, বাংলাদেশ পুলিশ নারী সমিতি-পুনাক আয়োজিত এ মেলার সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।