নিজস্ব প্রতিবেদক : শতাব্দির ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্তদের জন্যে হংকং গভর্নমেন্ট স্পেশাল এ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওনের আর্থিক সহায়তায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক বাস্তবায়নে জরুরি খাদ্য সহায়তার আওতায় ১০ হাজার পরিবারে ১৫ দিনের জন্যে অতি জরুরি চাহিদা পূরণ ও হাইজিন কিটস বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল এলাকায় সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম উদ্বেধন করা হয়।
উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান-রুরাল ক্লাস্টারের ডেপুটি ডাইরেক্টর মনজু মারিয়া পালমা, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল মনাফ ও সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো রশিদ আহমদ।
প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ২ লিটার সবজি তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি মুগ ডাল, ৩ কেজি ছোলা ডাল , ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আধা কেজি চিনি, বালতি, জেরিকেন, মগ, গোসলের সাবান, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, এন্টিসেফটিক, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি প্যাড, লিফলেট ইত্যাদি দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি