সিলেট বিভাগ গণদাবী ফোরাম নেতৃবৃন্দ সিলেট বিভাগে নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ে সর্বত্র অচলাবস্থা বিরাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংকট নিরসনকল্পে অন্যান্য বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে হিস্যা অনুপাতে জাতীয় গ্রিড হতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে।
রবিবার বিকেলে মহানগরীর সুরমা ম্যানশনে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, অ্যাডভোকেট শরীফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ, শওকত আলী, এম এ জলিল প্রমুখ।
সভায় দেশে ও প্রবাসে পাস্টপোর্ট প্রদানে বিলম্ব ও হয়রানি নিরসনে দ্রুত সময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত এবং জনসাধারণের ভোগান্তি লাঘবের জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার পাসপোর্ট অফিসে জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।-সংবাদ বিজ্ঞপ্তি