হবিগঞ্জে ৮ বছর পর জেলা যুবলীগ সম্মেলন ॥ উৎসব আমেজ শহরে

প্রকাশিত October 10, 2022
হবিগঞ্জে ৮ বছর পর জেলা যুবলীগ সম্মেলন ॥ উৎসব আমেজ শহরে

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ ॥ দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা যুবলীগ সম্মেলন। আজ মঙ্গলবার,১১ অক্টোবর হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মঈনুল হোসেন নিখিল। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সকলের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। হবিগঞ্জ শহরের রাস্তা-ঘাট কিংবা চায়ের দোকানসহ সর্বত্র এখন সংগঠনের নেতাকর্মীদের একই আলোচনা-কারা আসছেন জেলা যুবলীগের নেতৃত্বে। শুধু আলাপ আলোচনা নয়, নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সম্মেলন সফল করতে সভা-সমাবেশ-মিছিল করছেন পদ পত্যাশীরা। শতাধিক তোরণ আর হাজার হাজার ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো শহর। হবিগঞ্জ সত্যি বর্ণিল হয়ে উঠেছে।
সর্বশেষ ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আতাউর রহমান সেলিম। আর ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বুরহান উদ্দিন চৌধুরী। গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও নানা কারণে পার হয়ে যায় দীর্ঘ ৮ বছর। এর মধ্যে করোনাও কেড়ে নেয় প্রায় দুটি বছর।
এবারের সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন শতাধিক নেতাকর্মী। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১১জন করে ।
হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের স্বাগত জানাতে যুবলীগের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।
এবারের সম্মেলনে প্রায় ২০ হাজার নেতাকর্মীর সমাগম হবে জালাল স্টেডিয়ামে। জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিল অধিবেশনে জেলার ১০টি ইউনিটের ৩৫১ জন কাউন্সিলার অংশগ্রহণ করবেন।