হবিগঞ্জে শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী

প্রকাশিত October 1, 2022
হবিগঞ্জে শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শিল্পকলা একাডেমির উদ্যোগে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রায় দুই ঘণ্টাব্যাপি মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপস্থিত সবাইকে দারুণ মুগ্ধ করে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপি অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসাবে হবিগঞ্জে এই প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো শোয়েব শাত ইল ইভানের সঞ্চালনায় প্রদর্শনীর উদ্বোধন পর্বে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে সবাইকে মুগ্ধ করে শিল্পী রত্নার রিং ড্যান্স। মুন্নার হাই সাইকেল ব্যালেন্সও মুগ্ধতা ছড়ায়। সবুজ, পর্বত ও নাসিরের ছোট্ট একটি রিংয়ের মধ্য দিয়ে তিনজনের শরীর পারাপার করার দৃশ্য ‘বডি ব্যালেন্স’ দেখে অবাক হন সবাই। গ্রুপ সাইকেল ব্যালেন্স, হ্যান্ড স্কিল, ব্যারেল ব্যালেন্স, রোপ জাম্প, পে টু আমব্রেলা, রোলার ব্যালেন্স, পাইপ ব্যালেন্স, দিয়াবে ব্যালেন্স, ব্যাম্বো/ফায়ার ড্যান্স, ল্যাডার ব্যালেন্স, ব্রিক স্কিল ও মার্শাল আর্ট প্রদর্শনীকে দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দিত করেন।