মাদকসহ কোন অপকর্মে আপস নেই : শাল্লায় অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত September 30, 2022
মাদকসহ কোন অপকর্মে আপস নেই : শাল্লায় অতিরিক্ত পুলিশ সুপার

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের ওপেন হাউজ ডে বৃহস্পতিবার থানা আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো আবু সুফিয়ান মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে বলেছেন, কোন অপকর্মে আপস নেই।
পুলিশ জনগণের বন্ধু-এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও রাখেন।
তবে সতর্ক করে দেন, যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাওর এলাকা শাল্লার আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করতে তিনি দিরাই থেকে একটা স্পিডবোট দেওয়ার ঘোষণা দেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রনজিৎ কুমার দাস, সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, যুবলীগের সাবেক আহ্বায়ক তকবীর হোসেন প্রমুখ।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি এবং সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক ও কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ নানান শ্রেণিপেশার মানুষ।