বিয়ানীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ একজন গ্রেফতার

প্রকাশিত September 28, 2022
বিয়ানীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৮৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাওতা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সুনাম উদ্দিন (৬০) নামেহ একজনকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫০০ টাকার ২টি বান্ডিলে ১৭০টি নোটে সর্বমোট ৮৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি বিয়ানীবাজার থানার বাহাদুরপুর বাঘপ্রচণ্ড খাঁ গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি