হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তিও করা হয়েছে কয়েকজনকে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।
এলাকাবাসী ও আহতরা জানায়, বেজুড়া গ্রামের আরজু মিয়া ও রজব আলী প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনেই মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিগত নির্বাচনেও তারা দুজন প্রার্থী ছিলেন। এরমধ্যে নির্বাচিত হন আরজু মিয়া; কিন্তু নির্বাচনের দিনই রজব আলীর লোকজন অভিযোগ করেন, ভোট কারচুপি ও অর্থের বিনিময়ে ভোট ক্রয় করে আরজু মিয়া মেম্বার নির্বাচিত হয়েছেন। এ নিয়ে নির্বাচনের দিনই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর থেকে আরজু মিয়া ও রজব আলীর সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে কয়েক দফা সংঘর্ষও হয়।
শনিবার বিকেলে রজব আলীর পক্ষের এনায়েত উল্ল্যাহ সঙ্গে আরজু মিয়া মেম্বারের পক্ষের একজনের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ আরজু মিয়া মেম্বার ও মহিবুল্লাসহ উভয় পক্ষের দুইজনকে আটক করে।
গুরুতর আহতদের মধ্যে বশির উল্ল্যাহ পাঠানকে ঢাকায় রেফার করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।