বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশে জনতার জোয়ার সৃষ্টি হয়েছে। ‘স্বৈরাচারী ভোট চোর’ সরকারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। তাই গদি হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত ‘ফ্যাসিস্ট’ সরকার দেশে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে হত্যার নৃশংস রাজনীতিতে মেতে উঠেছে।
তিনি আরও বলেছেন, যতই হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গুলি, খুন-গুম ও কারা নির্যাতন চালানো হোক না কেন, এই জালিম সরকারের শেষ রক্ষা হবেনা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সকল অপকর্মের বিচার বাংলার মাটিতে হবেই হবে।
শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দামবৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ও পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও জ্যেষ্ঠ সহসভাপতি আক্তার হোসেন খান জাহেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি নূরুল আম্বিয়া, আতাউর রহমান, জ্যেষ্ঠ যুগ্মসম্পাদক গিয়াস আহমেদ, অন্যতম নেতা জামিল আহমদ, আব্দুল মালিক, মজির উদ্দিন মরাই, জাকারিয়া আহমেদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি