বিয়ানীবাজারে মোটরসাইকেলে থাকা বিপুল মাদকসহ একজন গ্রেফতার

প্রকাশিত September 23, 2022
বিয়ানীবাজারে মোটরসাইকেলে থাকা বিপুল মাদকসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশের অভিযানে বিপুল মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারখাই বাজারে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিগন্যাল দিলে চালক মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে থানা পুলিশের দলটি মোটরসাইকেল চালককে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হন।
পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ২৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ি) এলাকার ফখরুদ্দিন ফারুকের ছেলে আকমল হোসেন (৩২) দীর্ঘদিন যাবৎ কৌশল পরিবর্তন করে ভারতীয় ফেন্সিডিলের চালান বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন বলে পুলিশের নিকট তথ্য রয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) লুৎফর রহমান জানান, জব্দকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত আকমল হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।