শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 16, 2022
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘ধর্ম যার যার-উৎসব সবার’ এ প্রতিপাদ্য নিয়ে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি করেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবীন আচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপন কুমার দাস, চন্দন রায়, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, ঝন্টু তালুকদার, আরতি তালুকদার কলি, বিপ্রেশ রায় বাপ্পি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রণব কান্তি দাস ও পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী।
বক্তারা সম্প্রীতির জেলা সুনামগঞ্জে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানান।
মতবিনিময় সভায় সরকারের নির্দেশনা অনুসারে আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা, প্রতিটি পূজামণ্ডপে কমিটির সদস্যদের পূজা চলাকালীন প্রতিমা পাহারা দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।
এবার সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে, যা গতবছরের তুলনায় ৫টি বেশি বলে সভায় জানানো হয়।