শাল্লায় সাংবাদিক বসুদেব দাশের মৃত্যুতে প্রেসক্লাবের শোকসভা

প্রকাশিত September 12, 2022
শাল্লায় সাংবাদিক বসুদেব দাশের মৃত্যুতে প্রেসক্লাবের শোকসভা

শাল্লা প্রতিনিধি : সুনামগেঞ্জের শাল্লায় প্রবীণ সাংবাদিক বসুদেব দাশের মৃত্যুতে শোকসভা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা শহিদমিনার প্রাঙ্গণে শাল্লা উপজেলা প্রেসক্লাব এই শোকসভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক তরুণ কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি রথীন্দ্র চন্দ্র সরকার ও মুক্তিযোদ্ধা সন্তান মিঠু চন্দ। প্রয়াত সাংবাদিক বসুদেব দাশের বড় ছেলে তপন কুমার দাশও বক্তব্য দেন।
বক্তারা বলেন, বসুদেব দাশ আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত হাওর সমৃদ্ধ উপজেলা শাল্লায় সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘গ্রাম বাংলার কথা’ পত্রিকায় কাজ করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। তখন সংবাদ প্রেরণ করা ছিল খুবই কষ্টস্বাধ্য। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
শোকসভায় বসুদেব দাশকে শাল্লা প্রেসক্লাবের আজীবন সদস্যের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
শোকসভার শুরুতে বসুদেব দাশের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নীরবতাও পালন করা হয়।