শাল্লাকে আরও এগিয়ে নিতে হবে : ডা আবুল কালাম চৌধুরী

প্রকাশিত September 11, 2022
শাল্লাকে আরও এগিয়ে নিতে হবে : ডা আবুল কালাম চৌধুরী

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সেইভ শাল্লা সংগঠনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা আবুল কালাম চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে লেখাপড়া করে ভাটির জনপদ শাল্লাকে আরও এগিয়ে নিতে হবে।
শনিবার সকালে শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন সেইভ শাল্লার উদোগে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার এসএসসি/সমমানের ১০০ পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ অসুস্থতার কারণে ভার্চুয়ালি সিলেট থেকে বক্তব্য রাখেন।
সেইভ শাল্লার পরিচালক বিশিষ্ট নাট্যকার রুবেল শংকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেইভ শাল্লার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম চৌধুরী, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা আবুল কালাম চৌধুরী আরও বলেন, ‘দেশ গিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। একটি ভাল জাতি হয়ে উঠতে শিক্ষার বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণমাধ্যমকর্মী পিসি দাশ পিযুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ।