আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজ জেলের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত September 8, 2022
আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজ জেলের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুদালিয়া নদীতে ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ রাজধন নমসূদ্র (৩৫) নামের এক জেলের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান ফকরুল ইসলামের নেতৃত্বে কুদালিয়া নদীতে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধন নমসূদ্র উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের মৃত রাজেন্দ্র নমসূদ্রর ছেলে। তিনি মঙ্গলবার বিকেলে কুদালিয়া নদীতে চাঁই অর্থাৎ মাছ ধরার ফাঁদ পেতে বাড়ি ফিরছিলেন; কিন্তু হঠাৎ নৌকা থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে নৌকায় থাকা নজরুল ইসলাম ও পরিমল ভট্টাচার্য্য নদীতে অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে অন্য জেলেদেরকে নিয়ে রাতভর খোঁজাখুঁজি করেন। শেষপর্যন্ত সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আজমিরীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।