জকিগঞ্জে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯ জন

প্রকাশিত September 5, 2022
জকিগঞ্জে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯ জন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, জায়ফরপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে আব্দুল জলিল, আব্দুল হকের ছেলে মাহবুবুর রহমান, পাঠানচক গ্রামের আব্দুস সালামের ছেলে হোসাইন আহমদ, এমাদ উদ্দিনের স্ত্রী হানুফা বেগম, সাবেল আহমদের স্ত্রী নাহিদা বেগম, শাহীন আহমদের স্ত্রী মাহমুদা বেগম, শামীম আহমদের ছেলে খালেদ আহমদ, আব্দুল জব্বারের ছেলে এনাম আহমদ ও সেলিম আহমদের স্ত্রী আফিয়া বেগম।
এলাকাবাসী জানায়, হোসাইন আহমদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে পাশের বাড়ির শাহন আহমদের সঙ্গে মামলা চলছিল। এই মামলার রায় হোসাইন আহমদের পক্ষে গেলে সোমবার সকালে তিনি তার পক্ষের লোকজনকে নিয়ে রাস্তার দৃ’পাশ থেকে গাছপালা কেটে সীমানা বর্ধিত করতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহীন আহমদ জানান, তার বসতবাড়ির জায়গা প্রতিপক্ষ গোপনে ক্রয় করে নিলে এ ব্যাপারে তিনি সহকারী জজ আদালতে মামলা করেন। মামলার রায় তার বিপক্ষে যাওয়ায় তিনি আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে প্রতিপক্ষ হোসাইন আহমদ দলবল নিয়ে তার বসতঘর ভাংচুর করেন ও গাছপালা কেটে ফেলেন।
অপর দিকে হোসাইন আহমদ জানান, তাদের ক্রয় করা জায়গায় রাস্তা কাজ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়।