সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বিকেলে উত্তর আলমপুর বাজারে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানূর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই মিয়া, মাস্টার লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ছালেহ আহমদ, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন, মাহমুদ আলী, হাফিজ গৌছ উদ্দিন, সিলেট ল কলেজের ছাত্রনেতা আবু সাঈদ, শিক্ষার্থী আবু তাহের ছানী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আব্দুস শুক্কুর, আব্দুল জলিল, এনাম উদ্দিন, আসাব আলী, নানু মিয়া, জয়নাল উদ্দিন, সাদ উদ্দিন, সাইফুল হক, বিলাল উদ্দিন, হাছন আলী, সুলতান মিয়া, ফরিজ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়াহাব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দিয়ে উপজেলার বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের ১৪/১৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চলাচল করেন; কিন্তু রাস্তার বেহাল দশার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় তিন যুগেও। বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়না।
বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি