সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামে মনসা দেবীর পূজা চলাকালীন ৫টি হিন্দু বাড়ির পূজামণ্ডপে ও একটি বাড়ির বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও মাছ-মাংস বিনষ্ট করা হয়েছে।
বুধবার দিনগত গভীর রাতে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের মনসা পূজার রাতে পূর্ববিরোধের জের ধরে কামারগাঁও গ্রামের আলেক চাঁন মিয়ার ছেলে সাকিল মিয়ার নেতৃত্বে ১০/১২ জন গভীর রাতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে করুণা সিন্ধু তালুকদারের ছেলে খগেন্দ্র তালুকদার, মৃত মতিলাল দাসের স্ত্রী মহামায়া, মহানন্দ সরকারের ছেলে প্রেমানন্দ সরকার ও গণেশ সরকার এবং সরিন্দ্র মজুমদারের ছেলে শৈলেন্দ্র মজুমদারের বাড়িতে হামলা চালায়।
এছাড়াও হামলাকারীরা প্রহলাদ সরকারের ছেলে সঞ্জিত সরকারের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলা করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খবর পেয়ে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনাস্থল পরির্দশন করেন।
এ ঘটনায় খগেন্দ্র তালুকদার বাদি হয়ে জামালগঞ্জ থানায় মামলা করেছেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, এটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।