নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত June 2, 2022
নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামের এক কৃষক মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহর ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে আব্দুল খালিক, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দিঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যান। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে এলাকার লোকজন মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।