হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া ও বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পৃথক সংঘর্ষে নারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। রবিবার সকালে সংঘর্ষ দুটি ঘটে। এতে গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার আউশপাড়া গ্রামে একটি খাল নিয়ে শেখ ফরিদ পক্ষ ও কিতাব আলী পক্ষের মাঝে বিরোধ চলছে আগে থেকে। এর জের ধরে খাল পরিষ্কার করা নিয়ে শনিবার বিকেলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হলে শালিসে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়; কিন্তু উদ্যোগটি কাজে আসেনি। ফলে রবিবার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষে অন্তত ৪৪ জন আহত হয়।
এদিকে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে সকালে আব্দুল মুকিত নামের এক ব্যক্তি একই গ্রামের মজিদ মিয়ার গাছ থেকে আম পাড়তে গেলে মজিদ মিয়া বাধা দেয়। এর জের ধরে আব্দুল মুকিতের লোকজন মজিদ মিয়া ও তার লোকজনের উপর হামলা চালায়। গুরুতর আহত আব্দুল মজিদকে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য ৫ জন চিকিৎসা নেন।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মোস্তফা ও বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।