আজমিরীগঞ্জেও বাম্পার ফলন জনকরাজ ধানের : দারুণ খুশি কৃষকরা

প্রকাশিত May 3, 2022
আজমিরীগঞ্জেও বাম্পার ফলন জনকরাজ ধানের : দারুণ খুশি কৃষকরা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে জনকরাজ ধান। বাম্পার ফলনে সবাই দারুণ খুশি। তাই এ ধান চাষে আগ্রহ বেড়েই চলেছে।
চলতি মওসুম আজমিরীগঞ্জ উপজেলায় কৃষকরা জনকরাজের পাশাপাশি চাষ করেন নতুন জাত ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ধান। চীনে উদ্ভাবিত এই ধান বাংলাদেশে নিয়ে এসেছে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেড। পৌঁছে দিয়েছে ভাটির জনপদে। এতে ভাল ফল মিলছে বলে জানিয়েছেন কৃষকরা।
এই ধান গাছের গোড়া শক্ত হওয়ায় ঝড় তুফানে ঝরে পড়ে না। ক্ষতি করতে পারেনা কোন পোকা। পাতাও শক্ত। সবমিলিয়ে কৃষকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে আজমিরীগঞ্জের নগরগ্রামের হাওর পরিদর্শন করেন। এ সময় কৃষক আল-আমিন জানান, তিনি ৮ বছর ধরে জনকরাজ ধান চাষ করছেন। প্রতিবারই পেয়েছেন বাম্পার ফলন। এবার তিনি ১শ খের জমিতে জনকরাজ ও ৮০ খের জমিতে ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ চাষ করেন। প্রতি খের জমিতে জনকরাজ ৩০ মণ আর ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ৩২ মন ধান পাওয়া গেছে।
কৃষক কবির মিয়া জানান, তিনি ২০ খের জমিতে জনকরাজ ও ২০ খের জমিতে ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ধান চাষ করে কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন।
পরিদর্শক দলে ছিলেন, ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের এরিয়া ম্যানেজার মো সেলিম আক্তার, হবিগঞ্জ বীজ ও কীটনাশক সমিতির সাধারণ সম্পাদক, জনকরাজের পরিবেশক শেখ মো নূরুল হক ও ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের সেলসম্যান ফারুক খান।
তারা জানান, আগামী মওসুমে জনকরাজের আরও উন্নতমানের বীজ বাজারে আসবে, যা নিচু এলাকার জমির জন্য উপযোগী হবে।