হলিউড কিংবা বলিউড চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি ও বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। এবার বাংলাদেশেও লেগেছে এর ছোঁয়া। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমা। এই সিনেমার নামসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক এসেছে বাজারে।
‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শোরুমে। পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে।
এসময় উপস্থিত ছিলেন ‘গলু’ই সিনেমার পরিচালক এস এ হক অলিক, নায়িকা পূজা চেরী, বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা আজিজুল হাকিম ও চিত্রপরিচালক সোহেল আরমান সহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।
সংবাদ সম্মেলনে বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে ‘গলু’ই সিনেমার লোগো ও নানা দৃশ্যে সজ্জিত পোশাক। ঈদ উপলক্ষে এই পোশাকগুলো এরইমধ্যে সিনেমাপ্রেমী ক্রেতাদের নজর কেড়েছে। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, টি-শার্ট ও পাঞ্জাবি।
পরিচালক এস এ হক অলিক বিশ্বরঙ ও বিপ্লব সাহাকে ধন্যবাদ জানান ‘গলুই’য়ের ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেওয়ায়।
নায়িকা পূজা চেরী বলেন, ‘গলুই’য়ের মৌলিক গল্পে প্রেম ও গ্রামীণ ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরা হয়েছে।
বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘গলুই আমাদের ঐতিহ্যের গল্পের সিনেমা। গ্রামের মানুষ ও তাদের জীবন-প্রেম-হাসি কান্না ফুটে উঠবে এই সিনেমায়, যা আমাদের শেকড়ের সন্ধান দেবে। বেশ কিছু ডিজাইনে আমরা গলুইয়ের পোশাক এনেছি।-সংবাদ বিজ্ঞপ্তি