সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। বাজেটের এক শতাংশ টাকাও খয়রাতির নয়। আমরা এখন অর্থ দান করি। আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে।
তিনি আরও বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ যখম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন তখন অনেকে বলেছিল, সেতু নির্মাণ করতে পারবে না বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু দেশ তো দেউলিয়া হয়নি বরং লক্ষ-হাজার কোটি টাকা ব্যাংকে জমা আছে। এই টাকাগুলো আমরা ব্যয় করবো মানুষের কল্যাণে। মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাট্রিন, স্কুল, হাসপাতাল ও রেললাইন উন্নয়নে ব্যয় করবো।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও পৌরসভার মেয়র নাদের বখত।